ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বালোগানকাণ্ডে শাস্তি পাচ্ছেন না ফিফা সভাপতি!

বালোগানকাণ্ডে শাস্তি পাচ্ছেন না ফিফা সভাপতি!
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২১:৩২ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২১:৪৪

ফোলারিন বালোগানের লাল কার্ড ও পরবর্তী নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় কম বিতর্ক হয়নি। শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয় এবং খেলোয়াড়ের দল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে না। এতে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার খেলার কথা ছিল না। নিষেধাজ্ঞার পরপরই ট্রাম্প সরাসরি ফিফা প্রধান ইনফান্তিনোকে ফোন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেন, যা পরবর্তীতে ফিফা মেনে নেয়। শেষ ষোলোর ম্যাচের আগে বালোগানের শাস্তি ১২ মাসের জন্য স্থগিত করা হয়।

বালোগানের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর আলোচনাকে রাজনৈতিক নিরপেক্ষতার লঙ্ঘন হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কয়ার’। এ বিষয়ে তারা আইওসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে। কিন্তু জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

আইওসি সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিফার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আইওসি বরাবরই অনাগ্রহী। বিশেষ করে ফিফার নিজস্ব আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো তদন্তে যেতে চায় না।

ইনফান্তিনো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা তার দায়িত্বের অংশ। আর বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ফিফার ডিসিপ্লিনারি কমিটি স্বাধীনভাবেই নিয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে ইনফান্তিনোর অবস্থান যথেষ্ট শক্ত। সদস্য দেশগুলোর বড় অংশের সমর্থন থাকায় বালোগান বিতর্ক আপাতত তার অবস্থানে বড় কোনো প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

×