শ্রমিক অসন্তোষে বন্ধ কারখানা, বিনা নোটিশে ৩৩০ জন ছাঁটাই
ফাইল ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২৩:১১
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় বে-ফুট ওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির কারখানা। ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৩৩০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাইয়ের তালিকা। আজ শনিবার সকালে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, টানা বর্ষণে জলাবদ্ধতার কারণে অনেক শ্রমিক কারখানায় কাজে যোগদান করতে পারেননি। এ নিয়ে গত ১২ জুলাই শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডা হয়। ওইদিন কারখানার ভেতর কর্মবিরতি পালনকালে উৎপাদন কর্মকর্তা র্যালি বসকে পুনরায় কাজে যোগদান করতে বললে শ্রমিকরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় তাঁকে হেনস্তার অভিযোগ তোলেন কারখানা কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রমিকদের আইডি কার্ড রেখে গত ১৩ ও ১৪ জুলাই কারখানা থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। গত ১৫ জুলাই সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এরপর শনিবার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এ সময় কারখানার দেয়ালে ৩৩০ জন শ্রমিকের ছাঁটায়ের তালিকা দেখতে পান তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানার সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন কারখানা কর্তৃপক্ষ।
ছাঁটাই হওয়া শ্রমিক রত্না বেগম, খালেদা আক্তার জানান, কয়েকদিন আগে বৃষ্টির পানিতে তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। তাতে কারখানায় হাজির হতে দেরি হয়। এ কারণে অনেক শ্রমিকদের আইডি কার্ড নিয়ে যায় কর্তৃপক্ষ। পরে ১২ জুলাই কর্মবিরতি পালন করলে একজন চীনা উৎপাদন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের তর্কবিতর্ক হয়। ওই কর্মকর্তা তর্কতর্কির ভিডিও করলে মোবাইল ফোন কেড়ে নেন শ্রমিকরা। পরদিন থেকে কারখানা বন্ধ রাখেন কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে গিয়ে দেখেন কারখানার ফটকে ৩৩০ জন শ্রমিকের ছাঁটাইয়ের তালিকা। তিনি বলেন, ‘আমাদের কী অপরাধ? যারা চীনা কর্মকর্তাকে হেনস্তা করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে ছাঁটাই করুক। আমাদের কেন ছাঁটাই করবে। আমরা আমাদের চাকরি পূর্ণ বহাল চাই।’
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) কাজী রোমান রহমান জানান, শ্রমিক ও কারখানার বিষয়ে এই মুহূর্তে কথা বলার অনুমতি নেই। এটুকু বলেই ফোন কেটে দেন তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারখানায় শ্রমিক অসন্তোষে কিছু শ্রমিক ছাঁটাই করেছেন কর্তৃপক্ষ। কারখানায় নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- গাজীপুর
- পোশাক কারখানা
- পোশাক শ্রমিক
- বন্ধ ঘোষণা