ইয়ামালের স্বপ্নটা ২০ বছর আগে মেসিও দেখতেন
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি মেসি ও ইয়ামাল। ছবি: গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২২:২২
বার্সেলোনার জার্সিতে ১৭ বছর বয়সে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। লামিন ইয়ামালও বার্সার জার্সি পরেছেন ১৭ বছরে। দু’জনই বাঁ পায়ের ফুটবলার। কাতালান ক্যাম্পে মেসির অধ্যায় শেষ হওয়ার পর লামিনের উত্থান। বয়স, প্রতিভা, খেলার ধরন ও ক্লাবের বিবেচনায় ইয়ামালকে নতুন মেসি বলা।
বিশ্বকাপের ফাইনালে কার বিপক্ষে খেলতে চান? এই প্রশ্নের উত্তর দিতে খুব একটা বেগ পেতে হয়নি স্প্যানিশ তরুণ ইয়ামালের। মুহূর্তে তিনি উত্তর দেন, ‘লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।’ তখনো স্পেন কিংবা আর্জেন্টিনার ফাইনাল খেলা নিশ্চিত হয়নি। মুন্ডো দেপর্তিভোকে ইয়ামাল জানান, ফাইনাল শেষে তিনি মেসির সঙ্গে জার্সিও বদল করতে চান।
ইয়মালের ওই স্বপ্ন পূরণ হচ্ছে। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বার্সার নতুন মেসি ইয়ামাল ও পুরনো লিও প্রথমবার মুখোমুখি হবেন। তাদের অবশ্য এক বছর আগে কিংবা গত মার্চে ফিনালিজিমায় মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি নানা জটিলতায় মাঠে গড়ায়নি।
মজার বিষয় হচ্ছে- ২০ বছর আগে তরুণ এক মেসি, ১৭ বছরের মেসি, বার্সার ইতিহাসের, আর্জেন্টিনার ইতিহাসের, এমনকি সর্বকালের সেরা তারকা হতে যাওয়া মেসিও একই স্বপ্ন দেখেছিলেন। আজকের ইয়ামালের মতো। স্পেনের বিপক্ষে খেলবেন বিশ্বকাপের ফাইনাল।
সালটা ২০০৫। আর্জেন্টিনার জার্সিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন ১৭ বছরের মেসি। সামনে জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ। প্রত্যাশা করা হচ্ছে মেসি খেলবেন। সেই সম্ভাবনার কথা তুলে প্রশ্ন করা হয়- ‘কোন দলের বিপক্ষে ফাইনাল খেলতে চাইবেন?’ মেসি উত্তরে বলেছিলেন- ‘আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হলে অসাধারণ হবে।’
মেসির সেই স্বপ্ন ২০ বছর পর কি পূরণ হচ্ছে? এই প্রশ্নের উত্তর মেসিই ভালো দিতে পারবেন। তবে তরুণ মেসির স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে চাওয়ার কারণ সহজে অনুমেয়। স্পেনে তার বেড়ে ওঠা, বার্সা তাকে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে তৈরি করেছে। তখন স্পেনের হয়ে খেলেন তার বার্সা সতীর্থ জাভি, ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, পুয়োলরা। সব মিলিয়ে আজকের তরুণ লামিন যেমন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে চেয়েছেন, মেসিও তেমনই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চেয়েছিলেন।