বিশ্বকাপে সর্বাধিক ৮৮ ফাউল আর্জেন্টিনার, স্পেনের কয়টি
ফাইনালে দুই প্রজন্মের দুই ফুটবলার মেসি ও ইয়ামালের লড়াই। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২১:৩৬
সহজে গ্রুপ পর্ব পার করা আর্জেন্টিনা নকআউট পর্বে কঠিন সময় পার করে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। পুঁচকে কেপ ভার্দে, প্রথমবার নকআউটে আসা মিসর কিংবা দীর্ঘদিন বাদে কোয়ার্টার ফাইনাল খেলা সুইজারল্যান্ড ঘাম ছুটিয়ে ছেড়েছে আলবিসেলেস্তেদের।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেসহ নকআউট পর্বের প্রতিটি ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। এই যাত্রায় সবচেয়ে বেশি ৮৮ ফাউল করেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টিনার ফাউলগুলো ছিল খুবই টেকনিক্যাল। যে কারণ দলটির ৯ ফুটবলার হলুদ কার্ড দেখেছে। লাল কার্ড নেই একটিও। পেনাল্টিও খায়নি আকাশি-সাদা জার্সিধারীরা।
বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক ৮৭ ফাউল করেছে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়া সুইজারল্যান্ড। তিনে আছে পজিশনাল ফুটবল খেলেও প্রেস কাউন্টারে বল কাড়তে পারদর্শী স্পেন। হাই লাইন ডিফেন্সে খেলা দলটি প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে উঠলেই ফাউল করে হলেও বল কাড়ার চেষ্টা করেছে। টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক ৮০ ফাউল করেছে লা রোজারা।
ফাউলের হিসাবে চারে আছে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়া বেলজিয়াম। তারা ৭৮টি ফাউল করেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বাড়ির টিকিট কাটা ইংল্যান্ড ৭৪টি ফাউল করেছে। তালিকায় পরে আছে মরক্কো (৭৪), কানাডা (৭২) এবং কলম্বিয়া ও ফ্রান্স (৭০)।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২টি হলুদ কার্ড দেখেছে মিসর। দুইয়ে থাকা কানাডা ১১টি হলুদ কার্ড খেয়েছে। যৌথভাবে তিনে আছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। তারা ৯টি করে হলুদ কার্ড খেয়েছে। কার্ডের হিসাবে ১৭ নম্বরে আছে ফাইনালে ওঠা স্পেন। তারা ৬টি হলুদ কার্ড দেখেছে। গ্রুপ পর্বে বাদ পড়া তিউনিশিয়া সবচেয়ে কম ১টি হলুদ কার্ড দেখেছে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬