ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা

হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা
×

সুমন্তী চাকমা

রাঙামাটি অফিস

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:২৮

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কে ট্রাকের ধাক্কায় সুমন্তী চাকমা নামে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ১৪ মাইল এলাকার চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ডাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা জানায়, প্রসববেদনা শুরু হলে সুমন্তী চাকমা স্বামী স্বপন চাকমা ও দুই স্বজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় খাগড়াছড়ি সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে চাম্পাতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন্তী চাকমা, তার স্বামী, দুই স্বজন এবং অটোরিকশাচালক আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন্তী চাকমাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা বলেন, সুমন্তী চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষিকা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×