ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

অভিষেকের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন

অভিষেকের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন
×

ছবি: সমকাল/শুভজিৎ পুততুণ্ড

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২০:৪০

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পাঁচতলা কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় তিনটি বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। কোনো বৈধ বিল্ডিং প্ল্যান ও অনুমোদনের নথি না থাকায় প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। 

প্রশাসনের দাবি, কার্যালয়টি সম্পূর্ণ বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল। এটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামের একটি সংস্থার কেনা জমির ওপর নির্মিত এবং সংশ্লিষ্ট নথিতে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এই নির্মাণের ক্ষেত্রে কোনো অনুমোদিত বিল্ডিং প্ল্যান বা আইনি নথি জমা দেওয়া হয়নি।

প্রশাসনিক সূত্র অনুযায়ী, গত ৩০ জুন এবং ৭ জুলাই কার্যালয়ের ঠিকানায় দুবার নোটিশ পাঠানো হয়। এছাড়া ১৫ জুলাই জেলা প্রশাসনের দপ্তরে বৈধ নথিপত্র পেশ করার নির্দেশ দেওয়া হলেও কেউ হাজিরা দেননি বা কোনো জবাব দেননি। এরপরই ডিএম, এসডিও এবং বিডিও সম্মিলিতভাবে বৈঠক করে বেআইনি ভবনটি ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

উচ্ছেদ অভিযান ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুরো এলাকা ঘিরে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন ঘটনাস্থলের আশেপাশে জড়ো হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা ‘ভারত মাতা কী জয়’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। তবে এই উচ্ছেদ অভিযানের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন

×