বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
জড়িতরা গ্রেপ্তার হয়নি, খোঁজ মেলেনি ২ কবজির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর সবুজবাগে বিএনপিকর্মী ইব্রাহিম পলাশকে নৃশংসভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন নিহতের দুই কবজি। হত্যার কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় যুবদল নেতা মোস্তফা হোসেন রয়েলের সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সমকালকে বলেন, নিহতের বড় বোন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ একটি মামলা করেছেন। সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগের বাগপাড়া পানির পাম্প এলাকায় হামলার শিকার হন প্রাইভেটকারচালক পলাশ।
তদন্ত-সংশ্লিষ্টরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েলের ঘনিষ্ঠ একজনের কাছ থেকে টাকা পেতেন পলাশ। এ নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে পলাশ তিন দিন আগে রয়েলের বাসায় গিয়ে তাকে মারধর করেন। ওই সময় রয়েলের মা বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। এতে ভীষণ ক্ষিপ্ত হন রয়েল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে মঙ্গলবারের হামলা ও হত্যার ঘটনা ঘটে।
- বিষয় :
- হত্যা