ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়: ড. আমানুল্লাহ

৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়: ড. আমানুল্লাহ
×

দিনাজপুর সঙ্গীত কলেজে শিক্ষক সমাবেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১৮:৪৯

দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘লার্নিং উইথ হ্যাপিনেস প্রোগ্রাম’ এর আওতায় এসব কলেজ প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার দিনাজপুর সঙ্গীত কলেজে শিক্ষক সমাবেশে এ সিদ্ধান্তের কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, একটি জাতির উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করে না। এর ভিত্তি নির্মিত হয় সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে। সুস্থ সংস্কৃতির চর্চা ও গুণগত শিক্ষার সমন্বয়ই পারে একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সংস্কৃতিচর্চা একজন শিক্ষার্থীর মনন, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

ড. আমানুল্লাহ বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। এর মধ্যে সাড়ে তিন থেকে চার লাখ কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন। তাদের বিদেশে যাওয়ার আগে আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলা গেলে রেমিট্যান্স আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। কর্মীদের ভাষাগত দক্ষতা নিশ্চিত করা গেলে এই আয় আরও বহুগুণ বাড়ানো সম্ভব। এই গালফ স্টেট থেকে বর্তমানে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার অর্থ আসে। কর্মীদের ভাষা শিখিয়ে পাঠালে সেটি ২৪ থেকে ২৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

ভাইস-চ্যান্সেলর বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যাওয়া তরুণদের সংশ্লিষ্ট দেশের ভাষায় প্রশিক্ষিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে মান্দারিন ভাষায় দক্ষতা অর্জন করলে বিশ্বের বিভিন্ন দেশে উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

আলোচনা সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত চলমান গ্রিন ক্যাম্পাস ও‘ ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ভাইস-চ্যান্সেলর। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি একটি বনজ ও একটি ফল গাছের চারা রোপণ করেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক এবং দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নওশের ওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং ভাইস-চ্যান্সেলর দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মো. হাছান মাহমুদ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×