তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির
বিরামপুর সীমান্তে নয়জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ২২:৫২ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ২৩:০৫
দিনাজপুরের বিরামপুর, ঝিনাইদহের মহেশপুর ও ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর পর সীমান্তগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে ঠেলে দেওয়ার চেষ্টা
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তাদের চেষ্টা নস্যাৎ করে ৯ জনকে আবার ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের পাশে এ ঘটনা ঘটে। ওই নারীদের ভারতের গুজরাটের আমেনাবাদ থেকে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
বিজিবি ও গ্রামবাসী সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খিয়ারমামুদপুর গ্রামে দুই দেশের সীমানার ২৯১/২০ এস পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৯ নারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ভারতে পাঠিয়ে দেন। এর পর থেকে ওই ৯ নারী ২৯১/২০ এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে ৯ জনকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি বিজিবি এবং স্থানীয় লোকজন টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। গতকাল শনিবার ভোরে উপজেলার সামন্তা সীমান্তের পাখরাইল এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির বাধায় বিএসএফের সেই চেষ্টা সফল হয়নি। পরে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। দুপুরের পর থেকে ওই ছয় ব্যক্তিকে আর দেখা যাচ্ছে না।
বিজিবি জানিয়েছে, ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৫৫/এমপি বরাবর অবস্থিত গেট দিয়ে ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির সামন্তা বিওপির টহল দলের নজরে আসে বিষয়টি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সার্বিক বিষয় বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সামন্তা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ফেনীর পরশুরাম সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির টহল দলের তৎপরতায় ওই চেষ্টাও ব্যর্থ হয়েছে। গতকাল শনিবার ভোরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর কাছে দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
আব্দুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সীমান্ত এলাকার কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য জড়ো হওয়ার খবর বিজিবিকে জানানো হলে বিজিবি সদস্যরা গিয়ে প্রতিহত করেন। এক পর্যায়ে তারা আবার ভারতের অভ্যন্তরে ঢুকে যায়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোর করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা)