ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেলের তিন ক্রয় প্রস্তাব প্রত্যাহার

মেট্রোরেলের তিন ক্রয়  প্রস্তাব প্রত্যাহার
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর যানজট নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাস্তবায়নাধীন মেট্রোরেলের তিনটি বড় নির্মাণকাজের ক্রয় প্রস্তাব সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে আপাতত প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আলোচ্যসূচিতে মেট্রোরেল-সংক্রান্ত এ তিনটি প্রস্তাবই ছিল। তবে বৈঠকে সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অংশ নির্মাণের কাজ চীনের তিনটি প্রতিষ্ঠানকে যৌথভাবে দেওয়ার প্রস্তাব ছিল। এই প্যাকেজের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৭১ কোটি টাকা। কিন্তু অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) তুলনায় ৭৮০ কোটি টাকা বেশি অর্থের প্রয়োজন হওয়ায় বিষয়টি আরও পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

একইভাবে রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেল লাইন-১ প্রকল্পের ডিপো নির্মাণকাজ একটি চীনা প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাবও প্রত্যাহার করা হয়। এ ছাড়া জাইকার অর্থায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’-এর আওতায় উত্তর নর্দ্দা থেকে বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ১৮ কিলোমিটার অংশে মেট্রোরেলের মূল লাইন ও স্টেশন নির্মাণকাজ একটি জাপানি-ভারতীয় কনসোর্টিয়ামকে দেওয়ার প্রস্তাবও আলোচ্যসূচিতে ছিল।
সূত্র জানায়, কাজের জন্য অনুমোদিত ব্যয়ের তুলনায় অনেক বেশি অর্থের প্রয়োজন দেখা দেয়। বিষয়টি  পর্যালোচনার প্রয়োজন হওয়ায় এটিও প্রত্যাহার করা হয়।

ছয় মাসে ১৫ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণে সরকার থেকে সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় আগামী জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ১৫ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা, যা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজস্ব অর্থায়নে বহন করবে। বৈঠক সূত্রে জানা গেছে, বিপিসি থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং ভারতের আইওসিএল— এই ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল আমদানি করবে।

বগুড়ায় ১৫ বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র
বগুড়া জেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকা। অর্থায়ন হবে সরকার এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহায়তায়। দুটি প্রতিষ্ঠান অংশ নিলেও মূল্যায়নে একটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথভাবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও আহাদ বিল্ডার্স এবং সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন ঢাকাকে কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ
বৈঠকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। 
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান প্রতি ইউনিট পাঁচ টাকা চার পয়সা লেভেলাইজড ট্যারিফ কমিয়ে পাঁচ টাকা তিন পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

×