জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি হিসেবে রওনাকুল ইসলাম টিপুর যোগদান
কাজী রওনাকুল ইসলাম টিপু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২১:৩০ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ২১:৩১
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী রওনাকুল ইসলাম টিপু আজ রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতার সঙ্গে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কাজ করা হবে।
এর আগে গত ২৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জলবায়ু