ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ফল পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস

ফল পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস
×

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। নরওয়ের ফুটবলারদের আদলে ‘ভাইকিং রাে’ করে উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা সাজ্জাদ নয়ন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই গতকাল সোমবার রাজধানীর নামিদামি স্কুলগুলোতে দেখা যায় শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস। আনন্দে নেচে-গেয়ে তারা মুখর করে তোলে স্কুল আঙিনা। সেই সঙ্গে চলে মিষ্টি বিতরণ এবং সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দ উদযাপন।

হলি ক্রসের সবাই পাস
রাজধানীর হলি ক্রস গার্লস হাইস্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টির ২৪৮ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯৮ জন।
ফল প্রকাশের পর স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ভালো ফলের আনন্দে বন্ধুদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। সাফল্যে খুশি শিক্ষকদের অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।
শিক্ষার্থীদের ফলে সন্তোষ প্রকাশ করেছেন হলি ক্রস গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা নিয়ম মেনে পড়াশোনা করেছে। আজকের ফল তারই প্রতিফলন। 

রেসিডেনসিয়ালে পাস প্রায় শতভাগ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৫১ শিক্ষার্থীর মধ্যে ৬৪৯ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪০০ জন, যা মোট পরীক্ষার্থীর ৬১ দশমিক ৪৪ শতাংশ। 
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন জানান, শিক্ষার্থীদের পড়াশোনা ও লেখার মান বাড়াতে শিক্ষকরা নিয়মিত অতিরিক্ত ক্লাস নিয়েছেন। প্রতি ছয় থেকে আটজন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষককে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা অনেকটা অভিভাবকের মতো শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক অগ্রগতি তদারকি করেছেন।
যে দুই শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি, তাদের বিষয়েও প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে তাদের অভিভাবক এবং গ্রুপ টিচারের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা চলাকালীন তাদের ব্যক্তিগত কোনো সমস্যা ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

আইডিয়ালে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪৯০
দুপুর ১টা ১০ মিনিটে মতিঝিল আইডিয়াল স্কুল মাঠে ফল ঘোষণা করেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ। স্কুলটি থেকে এবার পাস করেছে দুই হাজার ৭২৩ জন, পাসের হার ৯৮ দশমিক শূন্য ২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪৯০ জন। 
এদিকে ৫৯ পরীক্ষার্থী পাস না করায় উদ্বেগ প্রকাশ করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম। তারা এক বিবৃতিতে জানান, স্কুলটির শিক্ষার মানে দিন দিন অবনতি ঘটছে।

মনিপুরে ৯২ দশমিক ২৩ শতাংশ পাস
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে তিন হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে তিন হাজার ৪০৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯২ দশমিক ২৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক হাজার ১৪৯  শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, অতীতের নানা প্রতিকূলতা থাকার পরও আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তাদের ফল বেশ ভালো হয়েছে।

মাইলস্টোনের সাফল্য প্রশংসনীয়
প্রতি বছরের মতো এবারও সাফল্য ধরে রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর এই স্কুল থেকে এক হাজার ৪৯৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে এক হাজার ৪৮৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬১৩ শিক্ষার্থী।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে একাডেমিক শৃঙ্খলা বজায় থাকে বলেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফল অর্জন করতে পারে।

রাজউক উত্তরা মডেল কলেজেও শতভাগ পাস
শতভাগ পাসের সাফল্যে আনন্দ-উল্লাসে মেতে ওঠে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা সহপাঠী ও অভিভাবকদের সঙ্গে কলেজ মাঠে আনন্দে মেতে ওঠে। 
কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ জানান, এ বছর কলেজ থেকে মোট ৯০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭৪ জন। 

আরও পড়ুন

×