ঢাকায় ভারী বৃষ্টিতে দুর্ভোগ
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টির তীব্রতা বাড়ে। প্রায় এক ঘণ্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
সন্ধ্যা সোয়া ৭টার পর রাজধানীতে ভারী বৃষ্টি শুরু হয়। এর আগে বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সঙ্গে ছিল মেঘের গর্জন। গুলশান, বাড্ডা, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় যানবাহনের গতি কমে যায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভারী বৃষ্টির সময় ধানমন্ডির ১২/এ সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে সড়কে থাকা তিনটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠসংলগ্ন চার রাস্তার মোড়ে ফুটপাতের ওপর থাকা বিশাল গাছটি হঠাৎ উপড়ে সড়কের ওপর পড়ে। ওই সময় সড়ক দিয়ে চলাচল করা তিনটি ব্যক্তিগত গাড়ি গাছের নিচে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাছটি পড়ে যাওয়ার পর ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকার সড়কেও পানি জমে যায়। এতে ছোট যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। রিকশা ও অ্যাপভিত্তিক পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগও পাওয়া গেছে। অফিসফেরত কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি ছিল বেশি। স্বাভাবিক সময়ে যে পথ অতিক্রম করতে কম সময় লাগে, বৃষ্টির কারণে অনেককে তার চেয়ে দ্বিগুণ বা তারও বেশি সময় ব্যয় করতে হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল বুধবারের মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, বর্ষাকাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি থাকবে। এক-দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে সেটি আরও গভীর হয়ে নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৩ আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি ১৯ আগস্ট পর্যন্ত থাকতে পারে। তিনি বলেন, এ সময়ে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। তবে ১৫ আগস্টের আগে ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ মঙ্গলবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়।
- বিষয় :
- আবহাওয়া