ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নরসিংদীতে গণপিটুনিতে যুবক নিহত, কুমিল্লায় নারী খুন

নরসিংদীতে গণপিটুনিতে যুবক নিহত, কুমিল্লায় নারী খুন
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীতে গণপিটুনিতে হৃদয় মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। কুমিল্লার মুরাদনগরে আর্জুনা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে এক যুবদল নেতাকে এবং খুলনায় ছেলেকে খুঁজতে এসে না পেয়ে মাকে গুলির ঘটনা ঘটেছে।
নরসিংদীর রায়পুরায় গত রোববার সৌদি প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন হৃদয় মিয়া ও তাঁর সহযোগী কামাল মিয়া। পরে গণপিটুনিতে মারা যান হৃদয়, গুরুতর আহত হন কামাল। হৃদয় পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে দানু মিয়ার ছেলে এবং কামাল একই গ্রামের মধু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়াপারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হৃদয় ও কামালকে স্থানীয়রা পিটুনি দেন। 
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। অন্য ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, নিহতের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের কারণে আর্জুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলের সামনেই ‘দা’ দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়। মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে মো. সোহাগ ওরফে সোহেল (৪০) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর স্বজন ও সহকর্মীরা এ ঘটনার জন্য জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। 
গুলিবিদ্ধ সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি রসুলপুর গ্রামের চৌকিদার বাড়ির মাহফুজ মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুটবল খেলা নিয়ে আরেক যুবদলকর্মীকে মারধরের জেরে জামায়াত-শিবিরের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে কয়েকজন সোহেলকে বাড়ির সামনে গুলি করেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
­তবে এসব অস্বীকার করে গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু তাহের বলেন, এ ঘটনায় জামায়াত-শিবিরের কেউ জড়িত নন। 
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ছেলেকে খুঁজতে এসে মাকে গুলি 
খুলনায় ছেলেকে খুঁজতে এসে তার মা শিমুল বেগমকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এলাকাবাসী জানায়, ৬-৭ জন দুর্বৃত্ত হৃদয় নামের এক যুবককে খুঁজতে ওই বাড়িতে যায়। শিমুল বেগম দরজা খুলে দেন। পরে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। 
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আহত নারীর ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের দ্বন্দ্ব রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
 

আরও পড়ুন

×