আলোচনা সভায় বরকত উল্লাহ বুলু
একাত্তরকে অস্বীকার করাদের এ দেশে থাকার অধিকার নেই
বরকত উল্লাহ বুলু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি। তিনি বলেছেন, আমরা যদি বাংলাদেশকে স্বীকার করি, তাহলে বায়ান্ন ও একাত্তরকে স্বীকার করতেই হবে। একাত্তরকে যারা অস্বীকার করে, তাদের এ দেশে থাকার অধিকারই নেই। একাত্তর আমাদের বিশ্বাস, একাত্তর আমাদের মূল শক্তি।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলগুলোর করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে গণতান্ত্রিক বাম ঐক্য।
সভায় পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার দায়িত্ব নিয়েছে এখনও ছয় মাসও হয়নি। সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। কিন্তু বিরোধী দল এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।
তিনি বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায়, এর দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর ঐক্য প্রয়োজন।
এনসিপির সামলোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার যেমন কিছু ভালো কাজ করেছে, তেমনি ক্ষমতার মোহে তরুণদের মধ্যে লোভ জাগিয়ে তুলেছে, তাদের নষ্ট করে দিয়েছে।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, সমাজতান্ত্রিক মজুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম প্রমুখ।
- বিষয় :
- আলোচনা সভা