ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর আয়োজনে চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

ডাকসুর আয়োজনে চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
×

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৫:০২

চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের জন্য ৪৩০টি চাকরির সুযোগ রাখা হয়। 

মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। চাকরিপ্রার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি ও অনলাইনে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দেন। পাশাপাশি বিভিন্ন পদের যোগ্যতা, কাজের ধরন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয়। 

ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান প্রদানে সরকার ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং ডাকসু দায়িত্ববোধ থেকে এই চাকরি মেলার আয়োজন করেছে। 

সম্প্রতি ডাকসু নেতাদের চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, চীনের বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে কাজ করেছি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়ান হুয়ি বলেন, ‘এই আয়োজন দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন করবে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন-বাংলাদেশের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে শুধু বিনিয়োগ নয়, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থাও করতে চীনের প্রতিষ্ঠানগুলো কাজ করছে।’ 

অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিল বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

আরও পড়ুন

×