ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মালয়েশিয়াকে বেছে নেয়ার আহ্বান 

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মালয়েশিয়াকে বেছে নেয়ার আহ্বান 
×

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এমএইচটিসি প্রতিনিধি দলের বৈঠক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:৫৮

বাংলাদেশি রোগীদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা নিতে মালয়েশিয়ায় যাওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। এর অংশ হিসেবে ‘ইউ-টার্ন’ ক্যাম্পেইন শুরু করেছে এমএইচটিসি।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এমএইচটিসি’র একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। 

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনে প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

এমএইচটিসি জানায়, গত বছরের তুলনায় বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা নিতে গিয়ে স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২.৭ শতাংশ বেড়েছে।

এমএইচটিসির কর্মকর্তারা বলেন, মালয়েশিয়ায় এখন উন্নত প্রযুক্তির হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এ কারণেই বাংলাদেশি রোগীদের মালয়েশিয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এমএইচটিসির এই সফর ও কর্মসূচি চলবে। সফরে তারা হাসপাতাল, রেফারেল এজেন্সি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই দেশের চিকিৎসা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

×