ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৮:০৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৮:৪৫

এগারো বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ মামলায় তাকে হাজির করা হলে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর শাইখ মাহদী।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয় বলে তখন অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সে সময় সালাহউদ্দিন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

ভারতীয় পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাহউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরেন। এরপর ২০২৫ সালের ৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের অভিযোগ দেন তিনি। অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ

গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে শুনানি শেষে তা আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, পলাতক থাকায় জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

×