বাংলাদেশ ব্যাংক
প্রথা ভেঙে ডেপুটি গভর্নর নিয়োগে হুইপের সুপারিশ
স্বপন কুমার গোস্বামী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:২৬
| প্রিন্ট সংস্করণ
প্রথা ভেঙে বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপন কুমার গোস্বামীকে সরাসরি ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ধরনের পদে নিয়োগের জন্য কোনো এমপির সুপারিশের ঘটনা আগে কখনও সামনে আসেনি।
আবার পরিচালক পর্যায়ের কর্মকর্তা কখনও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হওয়ার নজির নেই। ক্ষমতাসীন দলের এমপির এ ধরনের সুপারিশের অনুলিপি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
জানা গেছে, স্বপন কুমার গোস্বামী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। বর্তমানে তিনি কমন সার্ভিস বিভাগের পরিচালক। চলতি বছর তিনি অবসরে যাবেন।
এ বিষয়ে জানতে চাইলে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার সমকালকে বলেন, ‘আমি রাজনীতি করি। এলাকার কেউ এলে তার বিষয়ে সুপারিশ করতে হয়। এটিও সে রকম একটি ঘটনা। এ বিষয়ে আমার এত কিছু জানা ছিল না।’
জাতীয় সংসদের প্যাডে অর্থমন্ত্রী বরাবর গত ২২ জুন ওই চিঠি দেন রুহুল কুদ্দুস তালুকদার। তিনি লেখেন, ‘বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ কার্যক্রম চলমান। আমার নির্বাচনী এলাকার স্বপন কুমার গোস্বামী বাংলাদেশ ব্যাংকের পরিচালক। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাতের তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংকিং নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা, প্রশাসনিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিএনপির এই এমপি আরও লিখেছেন, ‘জনস্বার্থে এবং দেশের আর্থিক খাতের উন্নয়ন ও বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বপন কুমার গোস্বামীকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি সদয় বিবেচনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক