ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ কাল থেকে বাড়তে পারে বৃষ্টি

ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ  কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
×

 জলবায়ুবিষয়ক প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৯:৩৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১২:১০

| প্রিন্ট সংস্করণ

ভাদ্রের মাঝামাঝি সময়ে বৃষ্টির প্রবণতা কমে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে তাপমাত্রা। তীব্র গরমের সঙ্গে বাতাসে বেশি আর্দ্রতার কারণে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বাড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি বেশি দিন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই। আগামীকাল রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে গরমের অনুভূতিও কমতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি খুবই সাময়িক। রোববার থেকেই তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রোববার থেকেই দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সাগরে ইতোমধ্যে একটি লঘুচাপের প্রক্রিয়া শুরু হলেও সেটি ঘোষণা দেওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৩০ আগস্ট দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

৩১ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১ সেপ্টেম্বরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা 
বেশি থাকলে শরীর থেকে ঘামের মাধ্যমে তাপ বের হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে থার্মোমিটারে যে তাপমাত্রা থাকে, তার চেয়ে বেশি গরম অনুভূত হয়। বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি 

তাপমাত্রা থাকতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বর্তমান ভ্যাপসা গরমের পেছনে তাপমাত্রার সঙ্গে বাতাসের উচ্চ আর্দ্রতাও বড় কারণ।

আরও পড়ুন

×