ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিশু উন্নয়ন কেন্দ্রে নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

শিশু উন্নয়ন কেন্দ্রে নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০ | ০৬:০৯

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে বিদ্যমান অনিয়ম ও সমস্যা দুরীকরণে পদক্ষেপ গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক, যশোর পুলিশ সুপার, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আদালতের নির্দেশে থাকা তিন কিশোরকে পিটিয়ে হত্যা করা হয় এবং একই ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। পরদিন এ ঘটনায় নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে। অন্যদিকে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এরইমধ্যে নিহত তিন শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সানজিদ সিদ্দিকী। আদালতে সোমবার রিট আবেদনের পক্ষে সানজিদ সিদ্দিকী নিজেই শুনানিতে অংশ নেন।

আরও পড়ুন

×