ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অভিযুক্ত দুজনকে দল থেকে বহিষ্কার

ছিনতাইয়ে জড়িত বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

ছিনতাইয়ে জড়িত বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৫

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গত রোববার এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ঘটনায় জড়িতরা বিমানবন্দর এলাকায় ছিনতাই চক্রে জড়িত। গতকাল সকালে তাদের এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেপ্তার দুই নেতাসহ জড়িত চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় শনিবার মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সেদিনই জড়িত আব্দুর রউফ ও আল আমিন শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান বাদীর বড় ভাই। তাঁর বন্ধু রোহানকে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন। সেখানে নামতেই ছিনতাইয়ের শিকার হন বাদী।

আরও পড়ুন

×