ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি দুদিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি দুদিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন আজ
×

মির্জা ফখরুল ইসলাম

 ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও আসছেন। তাঁর এই সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে উত্তরের এই জেলায়। শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে। বিভিন্ন স্থানে ঝুলছে ব্যানার, ফেস্টুন। রং দিয়ে সাজানো হয়েছে সড়কের ডিভাইডারসহ বিভিন্ন স্থাপনা। রাষ্ট্রপতির আগমন ঘিরে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওবাসী। তবে আনন্দের পাশাপাশি রয়েছে উন্নয়ন ও নাগরিক প্রত্যাশার কথাও।

দুদিনের সফরে আজ সকালে ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিজ জেলায় পৌঁছে তিনি প্রথমে শহরের গোয়ালপাড়া সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলার সচেতন নাগরিকদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামীকাল সোমবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে বঙ্গভবনে ফেরার কথা রাষ্ট্রপতির।

গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর থেকেই তাঁর জন্মস্থান ঠাকুরগাঁওয়ের মানুষ উচ্ছ্বসিত। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় আসছেন তিনি। তাই এই সফর ঘিরে স্থানীয়দের আনন্দ-উচ্ছ্বাসও যেন বেড়েছে কয়েক গুণ। 
তবে রাষ্ট্রপতির কাছে রয়েছে ঠাকুরগাঁওবাসীর নানা প্রত্যাশা। জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির উদ্যোগ চান তারা। একই সঙ্গে তাঁর সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলেও প্রত্যাশা স্থানীয়দের।

রাষ্ট্রপতির আগমন ঘিরে রঙের ছোঁয়ায় যেমন বদলে যাচ্ছে ঠাকুরগাঁও শহরের চিত্র, তেমনি নতুন প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন জেলার মানুষ। তাদের প্রত্যাশা, রাষ্ট্রপতির প্রথম সফর শুধু আনন্দ-উৎসবেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় তৈরি করবে নতুন সম্ভাবনা।
স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রপতির সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। রাষ্ট্রপতির প্রথম সফর স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে নাগরিক সংবর্ধনার। নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু  মো. খয়রুল কবির বলেন, ‘রাষ্ট্রপতির প্রথম সফর ঘিরে ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। দলমতনির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।’
এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির ৬ ও ৭ সেপ্টেম্বরের সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে আমরা পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থায় আছি।

আরও পড়ুন

×