জবির দ্বিতীয় ক্যাম্পাসে পুকুরে ডুবে ২ নারীর মৃত্যু
প্রতীকী ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জবির নির্মানাধীন ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তেঘরিয়ার স্থানীয় বাসিন্দা আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেল ৩টার দিকে চারজন নারী একসঙ্গে ওই পুকুরে গোসল করতে নামেন। এদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাবেয়া ও জুলিয়া পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, এই ঘটনার পর পুকুরটিতে জনসাধারণের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি নোটিশ জারি করা হয়েছে।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- মৃত্যু