সচিবালয়ে শামা ওবায়েদ
কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান
শামা ওবায়েদ
বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ওমান বাংলাদেশ থেকে পাঁচ হাজার কৃষিকর্মী এবং পাঁচ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলি আল সাইদের সঙ্গে বৈঠকের পর শামা ওবায়েদ এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিয়োগের বিস্তারিত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিস্তারিত বিষয় চূড়ান্ত করবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগের সরকারের মেয়াদে সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য এখনও ওমানের ভিসা সীমিত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজারে নিয়মিত প্রবেশাধিকার পুনরুদ্ধারে সরকার মাসকাটের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি কর্মীরা যাতে নিয়মিতভাবে ওমান যেতে পারেন, তা নিশ্চিতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের বৈদেশিক কর্মসংস্থান কৌশলের অংশ হিসেবে কারিগরি শিক্ষা ও দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ওমানের অর্থনীতির বিভিন্ন খাতে অবদান রাখতে সক্ষম আরও দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ঢাকা দেশটির সরকারের কাছে বিষয়টির অগ্রাধিকার তুলে ধরেছে। মালয়েশিয়ার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটি সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ পুনরায় উন্মুক্ত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে। তিনি আরও বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর সঠিক সময় চূড়ান্ত করা হবে।
বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়
ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতালির ভেনিসে যা ঘটেছে, তা সত্যিই একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
শামা ওবায়েদ জানান, ঘটনার পর মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বাঁধনের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছেন।
তিনি বলেন, এই ঘটনায় শুরু হওয়া আইনি প্রক্রিয়ার বিষয়ে রাষ্ট্রদূতসহ ইতালিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন সব ধরনের সহযোগিতা দিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কনস্যুলেট সেখানে শুরু হওয়া আইনি প্রক্রিয়ার বিষয়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে। রাষ্ট্রদূতসহ ইতালিতে আমাদের দূতাবাসও পূর্ণ সহায়তা করেছে।’
তিনি আরও জানান, বাঁধন যতদিন ইতালিতে থাকবেন, ততদিন বাংলাদেশের কূটনৈতিক মিশন তাঁকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
- বিষয় :
- শামা ওবায়েদ