স্থানীয় সরকার নির্বাচন
দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে ইসি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১২
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষ মিলিয়ে ২৬টি বিভাগের প্রধানরা যোগ দেবেন। আজকের এ বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে আজ দুপুর আড়াইটায় এ বৈঠক শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ অংশ নেবেন।
ইসি জানিয়েছে, বৈঠকে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, বৈঠক থেকে প্রাপ্ত তথ্য ও মতামতের ভিত্তিতে বিষয়গুলো চূড়ান্ত করতে আমরা কমিশনের আরেকটি বৈঠক করব।
এর আগে গত সোমবার ইসি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রাক্-প্রস্তুতিমূলক সভা শেষে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি খসড়া সময়সূচি ঘোষণা করে। এর প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর দেশের ৮০টি উপজেলার সব কটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। তবে এর এক দিন পরই সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা জানান, ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না। সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। আর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি ইসির একক এখতিয়ার নয়।
একই দিন ইসির পক্ষ থেকে দাবি করা হয়, ইউপি নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি তারা ঘোষণা করেছিল, সেটি প্রাথমিক তারিখ ছিল। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ও ইসির এমন দূরত্ব ও টানাপোড়েনের মধ্যেই আজ গুরুত্বপূর্ণ এ বৈঠকের আয়োজন করছে ইসি।
দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ হাজার ২৭২টি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য যোগ্য হয়ে উঠবে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে হয়।
- বিষয় :
- নির্বাচন কমিশন
- ইসি