বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ
১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ
লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮
বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নতুন করে চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এতে পাটকলটির বেকার হয়ে পড়া অনেক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে এ কারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।
রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ ছাড়াও আরও তিনটি বন্ধ পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এর মধ্যে রয়েছে ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। এ চার কারখানায় এখন পাটপণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে এসব কারখানায় প্রায় ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে।
বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে আবুল খায়ের গ্রুপ। চলতি বছর ১২০ কোটি ডলারের পাটের সুতা রপ্তানির লক্ষ্যমাত্রা তাদের। তুরস্ক ও চীনসহ বিশ্বের অন্যান্য দেশে এসব পাটপণ্য রপ্তানি হবে।
আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল শেখ শাবাব আহমেদ বলেন, বেসরকারি খাতে বর্তমানে অনেক পাটকল বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা স্থাপন না করে বন্ধ কারখানা চালুর উদ্যোগে যুক্ত হয়েছি। এরই মধ্যে বেসরকারি খাতের চারটি বন্ধ পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এ ছাড়া আরও চারটি সরকারি বন্ধ পাটকল চালুর আবেদন করেছি আমরা।
তিনি আরও বলেন, আমরা ভ্যালু অ্যাডেড (মূল্য সংযোজিত) পাটপণ্য উৎপাদনের জন্য চেষ্টা করছি। বাংলাদেশের পাটের মান বেশ উন্নত। পরিবেশবান্ধব এ পণ্যটির ভালো বাজার রয়েছে বিশ্বজুড়ে। সে জন্যই আমরা পাটপণ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, যা পাটচাষিদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- বিষয় :
- আবুল খায়ের গ্রুপ