আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের বাজারে সুবিধা পাবে
গতকাল বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের রাজশাহী প্রডাক্ট লিমিটেডের কারখানায় জুতা, তাঁবু ও ছাতা উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য উদার বাণিজ্য সুবিধা এবং তুলনামূলক সহজ প্রবেশাধিকার দেয়। এর মাধ্যমে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও আরও বেশি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবে। পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে যুক্তরাজ্য আরও ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল বুধবার রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার এসব কথা বলেন। তিনি রাজশাহীর শ্যামপুরে রাজশাহী প্রোডাক্ট লিমিটেড এবং নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানা ঘুরে দেখেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানিয়েছে প্রাণ-আরএফএল।
ব্রিটিশ হাইকমিশনারকে কারখানায় স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে পণ্য উৎপাদন, দেশীয় বাজারে বিপণন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সরকারের কাছ থেকে সম্প্রতি লিজ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালনায় চালু করা রাজশাহী প্রোডাক্টের কারখানায় জুতা, তাঁবু ও ছাতা উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার।
এরপর তিনি নাটোরে প্রাণ এগ্রোর কারখানায় নুডলস, সস, মসলাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় তিনি কারখানা প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, ‘ব্রিটেনের বাজারে আমাদের খাদ্যপণ্যের ভালো বাজার তৈরি হয়েছে। আমরা ফুটওয়্যার, কনটেইনার, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছি। একই সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশেও বিনিয়োগ রয়েছে। আমরা মনে করি, দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।’
ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন ট্রেড পলিসি ম্যানেজার শাহরুফ শাকির, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমানসহ হাইকমিশনের অন্য কর্মকর্তারা।
- বিষয় :
- যুক্তরাজ্য