ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৬ জেলার সড়কে প্রাণ ঝরল ৯ ব্যক্তির

৬ জেলার সড়কে প্রাণ ঝরল ৯ ব্যক্তির
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে গতকাল সকালে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ধরলা সেতুতে মোটরসাইকেল আরোহী দুই তরুণের প্রাণ গেছে বাসচাপায়। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
ত্রিশালে নিহত ব্যক্তিরা হলেন– উপজেলার রুদ্রগ্রাম মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ওরফে ডালিম (৩৬) এবং কাজীর শিমলা খানবাড়ি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪২) কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকেও ধাক্কা দেয় বাসটি। এক পর্যায়ে বাসটি সড়কের পাশের আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়ে যায়।
এ সময় মাহেন্দ্রতে থাকা বজলুর রহমান ডালিম ও রাইতুল হাসান খান ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন বলে জানান ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ।

মামাতো-ফুপাতো ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন–কুড়িগ্রাম সদরের কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছারের ছেলে ফারুক (২৫)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয় লোকজন তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথেই দুজনের মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যু
চুয়াডাঙ্গায় গতকাল সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের হাতিকাটা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় চালক মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। 
এদিকে গতকাল সকালে গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে যাওয়ার পথে ভ্যানের পেছনে সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। 

আরও পড়ুন

×