স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৪৬
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ বুধবার থেকে তিন ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক আব্দুল মমিন সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সংলাপ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সূত্র জানায়, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং পরেরদিন শুক্রবার তিনধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ হওয়ার কথা ছিল।
আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিলো ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে আসে সংস্থাটি। পরে নভেম্বর তপশিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে তারা।
- বিষয় :
- নির্বাচন কমিশন
- স্থানীয় সরকার নির্বাচন