প্রবীণ হিতৈষী সংঘ পরিচালনায় অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ
তবিবুর রহমান
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:৪৪ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১২:৩৫
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) পরিচালনায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের মহাসচিব মো. ইন্তেজার রহমান একক সিদ্ধান্তে প্রবীণনিবাসের কক্ষ ভাড়া ও চিকিৎসকের পরামর্শ ফি বাড়িয়েছেন। এতে চার হাজারের বেশি প্রবীণ সদস্যের ওপর বাড়তি আর্থিক চাপ পড়েছে। বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে তত্ত্বাবধায়ক কমিটি গঠন এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন কয়েকজন সদস্য।
বেড়েছে কক্ষ ভাড়া, চিকিৎসা ফি
গত বছরের জুলাইয়ে প্রবীণনিবাসের কক্ষ ভাড়া ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়। একই সময়ে সদস্যদের চিকিৎসকের পরামর্শ ফি ৫০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এ বিষয়ে অন্তত তিনজন সদস্য লিখিত অভিযোগ করেছেন। বাড়তি কক্ষ ভাড়া দিতে না পারায় আব্দুর রহমান নামের একজন নিবাস ছাড়তে বাধ্য হয়েছেন।
কক্ষ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। গত বছরের মে মাসে এ বিষয়ে পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হলেও অভিযোগকারীদের দাবি, কমিটির অন্তত তিন সদস্য এ বিষয়ে অবগত ছিলেন না। তাদের বাদ দিয়েই নীতিমালা তৈরি করা হয়। এতে নেতৃত্ব দেন মহাসচিব ইন্তেজার রহমান।
চিকিৎসাসেবা নিয়েও অভিযোগ
বাইগামের প্রবীণ হাসপাতালের চিকিৎসাসেবা নিয়েও অভিযোগ রয়েছে। অন্যদিকে কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যের আত্মীয়স্বজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগও করা হয়েছে। গত ছয় মাসে তাদের প্রায় তিন লাখ টাকার চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন তা অস্বীকার করেছেন।
নিয়োগে নিয়ম না মানার অভিযোগ
প্রতিষ্ঠানের একটি কোর্সের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরও কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়া একজনকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (হিসাব) আব্দুর রহমান মজুমদারের মৃত্যুর পর নিয়োগ বিজ্ঞপ্তি বা যথাযথ নিয়োগ প্রক্রিয়া ছাড়াই ওই পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও দুই সহসভাপতির আত্মীয়স্বজনকে প্রশাসন ও প্রবীণনিবাস বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।
দরপত্র ছাড়া যন্ত্রপাতি কেনা
বাইগামের প্যাথলজি বিভাগের জন্য এবিসি করপোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দরপত্র ছাড়াই প্রায় ১৫ লাখ টাকার যন্ত্রপাতি কেনার অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে মহাসচিবের ছেলের সংশ্লিষ্টতা রয়েছে।
এতে কেনাকাটায় স্বজনপ্রীতি বা আর্থিক অনিয়ম হয়েছে কিনা, তা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তদন্ত বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।
নারী সদস্য ও কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
মহাসচিবের বিরুদ্ধে নারী সদস্য ও কর্মীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গেও তাঁকে অশ্রাব্য ভাষায় কথা বলতে দেখা গেছে।
সম্প্রতি এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি একজন নারী সদস্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রতিষ্ঠানের দুই নারী কর্মীও তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইন্তেজার রহমান এসব অভিযোগও অস্বীকার করেছেন। তাঁর দাবি, চরিত্র হননের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অভিযোগ করা হয়েছে।
ফার্মেসি নিয়েও প্রশ্ন
প্রবীণ হাসপাতালের ফার্মাসিস্ট ওয়ার্ডের নূর মোহাম্মদ মিয়াজীর কাছ থেকে নগদ অর্থ নিয়ে ‘আইনাল হক’ নামে এক ব্যক্তিকে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই হাসপাতালের কার্যক্রমে যুক্ত করার অভিযোগ রয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি নূর মোহাম্মদের ভাই। আত্মীয়তার কারণে তাঁকে নিয়মবহির্ভূত সুবিধা দেওয়া হয়েছে কিনা, তা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
তদন্তের দাবি
প্রতিষ্ঠানের কয়েকজন সদস্য এসব অভিযোগ জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। মন্ত্রণালয় অভিযোগ তদন্ত করে ইন্তেজার রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে– এমন একটি নথি পাওয়া গেছে।
এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।
এ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এমন সময়ে প্রবীণদের সেবা দেওয়ার দায়িত্বে থাকা অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির পরিচালনা নিয়ে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাইগামের সদস্যরা।
তবে মহাসচিব ইন্তেজার রহমানের ভাষ্যমতে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘মিথ্যা ও বানোয়াট’। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করছে।
- বিষয় :
- প্রবীণ