ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চাকরির প্রলোভনে ২৪ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

চাকরির প্রলোভনে ২৪ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার
×
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০৭:৫৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে অনলাইনে চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ২৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিআইডি। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানায় সিআইডি।
সিআইডি জানায়, ২০২৫ সালের আগস্টে টেলিগ্রামে বার্তা পাঠিয়ে এক ব্যবসায়ীকে অনলাইনে পার্টটাইম চাকরির প্রস্তাব দেয় প্রতারক চক্রটি। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ইতিবাচক রেটিং ও ফিডব্যাক দেওয়ার বিনিময়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। প্রথমে পারিশ্রমিক দিয়ে বিশ্বাস অর্জনের পর ওই ব্যবসায়ীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে এক লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেওয়া হয়।

এজাহার অনুযায়ী, ভুক্তভোগী প্রথমে এক লাখ টাকা পাঠান। পরে বিভিন্ন শর্তের কথা বলে একই দিনে তাঁর কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাব ও ডিজিটাল মাধ্যমে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা নেওয়া হয়। তবে মুনাফা ও মূলধন ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে চক্রটি নতুন করে অর্থ দাবি করে এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আদালতের মাধ্যমে পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃত নারীর নামে নিবন্ধিত মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে ভুক্তভোগীকে পারিশ্রমিক পাঠানো হয়েছিল। এতে তাঁর বিশ্বাস অর্জন করে 
আরও অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয় বলে অভিযোগ রয়েছে। অর্থ পাঠানোর নির্দেশদাতা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা এবং অর্থের উৎস ও গন্তব্য খতিয়ে দেখছে সিআইডি।

আরও পড়ুন

×