বৃক্ষরোপণ কর্মসূচি
তিন মাস পরপর চারার খোঁজ নেবেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ, বাগানসহ বিভিন্ন অংশ গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন - পিএমও
বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৪০
| প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার কথাও বলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব কথা জানান। তিনি জানান, সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা; রোপণ করা চারা বেঁচে আছে কিনা, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির মাঝে যাওয়ার জায়গা কম। এমন জায়গা বাড়াতে হবে। পাশাপাশি ছাদবাগান, স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে। এটি দেশের জন্য লজ্জার। পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারা বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার জন্যও তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি প্রতি তিন মাস পর এসব গাছের চারা কী অবস্থায় আছে, সে তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।
সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার নির্দেশ
প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ কথা জানান।
সহকারী প্রেস সচিব জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী রংপুর যাচ্ছেন মঙ্গলবার
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দেখতে আগামী মঙ্গলবার রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী সকালে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এর পর প্রধানমন্ত্রী রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশে রওনা দেবেন। বেলা ১১টার দিকে তিনি ধর্মসভা পরিদর্শন করবেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী