ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিদেশি আইনজীবী নিয়োগের বিষয় বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায়

ট্রাইব্যুনালে মামলা লড়তে চার আবেদন

বিদেশি আইনজীবী নিয়োগের বিষয় বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায়
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৪৬

| প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে চারজনের করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে মতামত জানতে চাওয়া হয়েছিল। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও একাত্তর টিভির সাবেক চিফ রিপোর্টার ফারজানা রুপা। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য বার কাউন্সিলের পূর্বানুমতি আবশ্যক। এ ক্ষেত্রে বার কাউন্সিল যুক্তিসংগত কোনো কারণ ছাড়া এই অনুমতি প্রদান আটকে রাখবে না।
দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে বিদেশি কোনো আইনজীবীর শুনানিতে অংশ নিতে হলে বার কাউন্সিলের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। দেড় দশকের বেশি সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিদেশি আইনজীবী আসামিদের পক্ষে লড়ার অনুমতি পাননি।

এক মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের জন্য গত বছর ডিসেম্বরে বার কাউন্সিলে আবেদন করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। জেল কর্তৃপক্ষের মাধ্যমে তারা বার কাউন্সিলে এ আবেদন করেন। জিয়াউল আহসান বিদেশি আইনজীবী চেয়ে গত জানুয়ারিতে আবেদন করেন। তবে বার কাউন্সিল এসব আবেদনের কোনোটিতেই সাড়া দেয়নি। সর্বশেষ গত ১৩ অক্টোবর ফারজানা রুপার পক্ষে মামলায় অংশ নিতে যুক্তরাজ্যের দুই আইনজীবী জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক ইমেইলের মাধ্যমে বার কাউন্সিলে আবেদন করেন।    
ফারজানা রুপার আইনজীবী মাহবুব শফিক জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বিদেশি দুই আইনজীবীকে আনতে অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন জমা দেওয়া হয়েছে। ১ নভেম্বর ফারজানা রুপার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

আরও পড়ুন

×