দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজশাহী ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৪৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১০:০৯
| প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম সফরে যাবেন। এদিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সামরিক বিমানে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর ধর্মসভা মন্দির (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর প্রধানমন্ত্রী বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন।
জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানান। তাঁর দেওয়া তথ্যানুসারে, কিছু দিন আগে সামাজিক মাধ্যমে রীপা গোমেজের তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
এ প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলি এলাকায় একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যায়। প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
- বিষয় :
- তারেক রহমান