কুইন্স কমনওয়েলথ প্রতিযোগিতায় পদক পেল আনান মুস্তাফিজ
আনান মুস্তাফিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০১:৩৪
কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ। এবার সে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলের মাধ্যমে আনানকে এ আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়েছে।
রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনানের লেখার শিরোনাম ছিল ‘দ্য রিদম অব আইডেন্টিটি’। লেখাটিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।
আনান লিখেছে, বৃষ্টিভেজা এক বিকেলে জামাইকার কিশোরী আমারা’র সঙ্গে তার পরিচয় হয়। আমারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে খাবারের মধ্য দিয়ে তাকে দেশের ইতিহাস, মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয় আনান। ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মতো খাবারের প্রসঙ্গ তুলে সে বাংলাদেশের নদী, কৃষি, মানুষের দৈনন্দিন জীবন, অর্থনৈতিক বাস্তবতা ও উৎসবের ঐতিহ্যের কথা বলে।
লেখায় আনান বাংলা গানের বৈচিত্র্যের কথাও তুলে ধরে। লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়ার পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কেও আমরাকে জানায় সে। আনান আরও জানায়, বাংলাদেশের মানুষ জামাইকার কিংবদন্তি সংগীতশিল্পী বব মার্লের গান ভালোবাসে। এ কথা শুনে আবেগাপ্লুত হয় আমারা।
দুজনের কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে জামাইকার সংস্কৃতির মিল, পারস্পরিক আগ্রহ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে ওঠে। লেখার শেষে আনান তুলে ধরে, অন্য দেশের মানুষের সঙ্গে সংস্কৃতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে নিজের দেশ ও সংস্কৃতিকেও নতুনভাবে আবিষ্কার করা যায়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনান জানায়, এ স্বীকৃতিতে সে খুশি। তবে গত বছর গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর এবার ব্রোঞ্জ পদক অর্জন করায় কিছুটা হতাশও সে। আগামী বছর আরও ভালো করার জন্য এবারের অর্জন বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানায় আনান।
আনান আরও জানায়, গত এপ্রিলে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় সে লেখাটি জমা দিয়েছিল। সম্প্রতি রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলে তাকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ই-মেইলের সঙ্গে সনদের ডিজিটাল কপিও পাঠানো হয়েছে।
কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতাকে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুলশিক্ষার্থীদের জন্য প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করছে। চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের ৫৩,৮৪০ জন শিক্ষার্থী জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে অংশ নেয়। আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় বেড়ে নতুন রেকর্ড হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার ৪০৬ জন প্রতিযোগী বেশি ছিল, যা নতুন রেকর্ড।
এর আগে ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল আনান মুস্তাফিজ। ‘টক উইথ আনান’ শিরোনামে দেশ-বিদেশের তারকাদের নিয়ে একটি টক শো উপস্থাপনা করে সে। অনুষ্ঠানটি তার ইউটিউব চ্যানেল ‘মুগলিস ওয়ার্ল্ড’-এ প্রচারিত হয়। পাশাপাশি নিয়মিত গল্পও লেখে আনান।
আনানের বাবা রহমান মুস্তাফিজ জ্যেষ্ঠ সাংবাদিক। মা কাজী তামান্না আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক। তিনি জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পীও।