ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত করল এ্যাব

পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত করল এ্যাব
×
×

মনোহরদীর পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৮:৩৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ | ১৮:৩৪

নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। শুক্রবার সকালে উপজেলার সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে এ কর্মসূচি পালন করা হয়।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির আগে সিঙ্গুয়া ঘাটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাবের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদা পূরণে মাছের গুরুত্ব অপরিসীম। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। মাছের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, মৎস্য খাতে অবদান রাখার লক্ষ্যেই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বক্তারা বলেন, নদীতে অবৈধ জাল ও ফাঁদ পাতা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রয়োগের কারণে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি পোনা মাছ ধরা প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে মাছের ভূমিকা ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরেন।
 

আরও পড়ুন

×