১১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২২:২২
প্রতিষ্ঠার ২১ বছর পূর্তি উপলক্ষে উৎসবের আমেজে সাজছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, নাটক ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস। দিনব্যাপী আয়োজনের শেষ আকর্ষণ সংগীতশিল্পী জেমসের কনসার্ট। আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই কনসার্ট। এর আগে মঞ্চে সংগীত পরিবেশন করবে চারটি ব্যান্ড।
‘তারুণ্যে দীপ্ত প্রাণে—ঐক্যবদ্ধ জবিয়ান’ স্লোগানে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সাজানো হয়েছে দুই পর্বে। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবর হলেও প্রশাসনের সিদ্ধান্তে ২ নভেম্বর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়।
সকালের আয়োজন শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন। এরপর ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক ঘুরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে।
সকাল সোয়া ১০টায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা অনুষদের উদ্যোগে শিল্পকর্ম ও চিত্রকর্ম প্রদর্শনী শুরু হবে। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুর দেড়টায় কেন্দ্রীয় মসজিদে হবে দোয়া মাহফিল।
বিকেলের পর্বে একাডেমিক বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় মুখর হবে ক্যাম্পাস। বিজ্ঞান ভবন প্রাঙ্গণে বিকেল ৩টায় সংগীত বিভাগের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এ পর্ব। আধা ঘণ্টা পর নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘পুতুলনাচ’।
বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা পরিবেশনায় অংশ নেবেন। এ পর্বে অংশ নেবে সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, মাইম সোসাইটি ও রঙ্গভূমি। পাশাপাশি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের আয়োজনে মঞ্চে উঠবে অফসাইড, কোমল গান্ধার, কিম্ভূত ও স্বরূপ ব্যান্ড।
এসব পরিবেশনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে জেমসের কনসার্ট। তার গানের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ববিদ্যালয় দিবসের সাংস্কৃতিক আয়োজন। এর আগে ২০১৬ সালে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে সংগীত পরিবেশন করেছিলেন জেমস।
উৎসব ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দলগুলো। প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। তবে কনসার্টে বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন প্রতিষ্ঠাবার্ষিকীকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত উৎসব হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় দিবসটির আয়োজন সুষ্ঠু ও উৎসবমুখর হয়ে উঠবে।
- বিষয় :
- জেমস
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়