দেশে বিক্রি হয়নি, আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার সময় ৬ স্বর্ণের ডিম উদ্ধার
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২২:৫৭
আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম দেশের বাজারে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ মিনহাজ নামে এক যাত্রীকে অফলোড করা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যায়। পরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
এ ছাড়া একই ঘটনায় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এসব স্বর্ণের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক স্বর্ণের প্রকৃত উৎস, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- স্বর্ণবার চোরাচালান