রাশেদ খাঁনের কাছ থেকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় প্রত্যাশিত: সম্পাদক পরিষদ
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২৩:২৮
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন কর্তৃক একটি সংবাদপত্রের কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে সম্পাদক পরিষদ। রোববার এক বিবৃতিতে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, শনিবার রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়। এ প্রসঙ্গে সম্পাদক পরিষদ জানায়, কোনো সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় প্রত্যাশিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করে সম্পাদক পরিষদ। সংগঠনটির সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি।
- বিষয় :
- রাশেদ খাঁন
- সম্পাদক পরিষদ