ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এইচএসসি

তেজগাঁও কলেজ থেকে একমাত্র জিপিএ-৫ পেল সাইয়ারা তাসনিম

তেজগাঁও কলেজ থেকে একমাত্র জিপিএ-৫ পেল সাইয়ারা তাসনিম
×
×

সাইয়ারা তাসনিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২৩:৪০

রাজধানীর তেজগাঁও কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছেন সাইয়ারা তাসনিম। তার এই সাফল্যে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তবে সামগ্রিক ফলে গত বছরের তুলনায় পিছিয়েছে কলেজটি।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়ারা তাসনিম কৃষিবিদ মো. আমিরুল হক ও কৃষিবিদ সেলিনা আক্তারের মেয়ে। তার এই সাফল্যে আনন্দিত কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতেও ভালো ফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে বলে আশা করছে পরিবার ও শিক্ষকরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, ২০২৬ সালে তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ৭৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬২ জন। উত্তীর্ণ হয়েছেন ৪৩৪ জন। পাসের হার ৫৬ দশমিক ৯৬ শতাংশ। এ বছর কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ১১৩ জন। মানবিক বিভাগে পাস করেছেন ১২৫ জন, ফেল করেছেন ১৪৮ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭৯ জন। অকৃতকার্য হয়েছেন ৭৫ জন।

আরও পড়ুন

×