প্রথম ধাপে ১০৫০ ইউনিয়নে ভোট: ইসি সচিব
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ | ১৭:৩২
সারাদেশে প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসির পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপের ইউপি নির্বাচন আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে। ওইদিন প্রথম ধাপের নির্বাচন শেষে ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর প্রথম ধাপের নির্বাচনের ছয় সপ্তাহ আগে তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আখতার আহমেদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নির্বাচন কমিশন।’
ইসি ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানান তিনি।
- বিষয় :
- ইউপি নির্বাচন
- ভোট
- নির্বাচন কমিশন
- ইসি
- আখতার আহমেদ