জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
কপ৩১-এর সাইড ইভেন্টে বাংলাদেশের শরীফ জামিলসহ এশিয়ার নাগরিক সমাজের প্রতিনিধিদের বক্তব্য
ছবি-জাহিদুর রহমান
জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ১৮:৫৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ | ১৯:০৬
এশিয়ায় ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎপ্রাপ্তি এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি শরীফ জামিল। তিনি বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর এক সাইড ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘সবুজ শিল্পায়নে চীনের ভূমিকা’ শীর্ষক এ আয়োজনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের প্রতিনিধি হিসেবে অংশ নেন শরীফ জামিল।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীন। প্রযুক্তি ও অর্থায়নের ক্ষেত্রে দেশটির সঙ্গে বাংলাদেশ আরও সহযোগিতা চায়। তবে এ ধরনের পরিকল্পনা ও প্রকল্প হতে হবে স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
শরীফ জামিল আরও বলেন, বিশেষ করে জ্বালানিসুবিধাবঞ্চিত ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের অধিকার ও জীবিকা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক প্রতিবেশ সুরক্ষায় গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে ভারতের সামাতা ও খনি, খনিজ সম্পদ ও জনগণ সংগঠনের প্রতিনিধি রবি রেবাপ্রগাদা বলেন, সবুজ শিল্পায়নের নামে পুরোনো সম্পদ আহরণ ও শোষণমূলক উন্নয়ন মডেলের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে যেকোনো অংশীদারত্বের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক সুফল এবং ঝুঁকিতে থাকা মানুষের জন্য ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাধীন তদারকি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার পাওয়ার কার্যকর ব্যবস্থা থাকতে হবে।
ফিলিপাইনের জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের সমন্বয়ক ইয়ান রিভেরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যয় তুলনামূলক কম। তাই বৃহৎ অবকাঠামোভিত্তিক প্রকল্পের পরিবর্তে ক্ষুদ্র পরিসরের ও স্থানীয় জনগোষ্ঠীনির্ভর উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিশ্বজুড়ে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে চীন নেতৃত্ব দিতে পারে।
কপ৩১-এর এ সাইড ইভেন্টে চীনের সবুজ শিল্পায়ন উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের নাগরিক সমাজ এবং জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জ্বালানি রূপান্তর কেবল প্রযুক্তি ও বিনিয়োগের বিষয় নয়। এ প্রক্রিয়ায় অর্জিত সুফল স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর পাশাপাশি পরিবেশ ও মানুষের অধিকার সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
- বিষয় :
- তুরস্ক
- কপ৩১
- জলবায়ু সম্মেলন