ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
×
×

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২৩:১৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ০০:৩৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শুরুর আগে দুই দেশের সরকার প্রধানের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

হাসান শিপলু জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

এর আগে গত বছর ১০ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘের জলবায়ুবিষয়ক ৩০তম সম্মেলন (কপ-৩০)।

আরও পড়ুন

×