কপ-৩১-এর লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৬:৪২
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
- বিষয় :
- কপ৩১