ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে ভিটিএস স্থাপনের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে ভিটিএস স্থাপনের নির্দেশ
×
×

ফাইল ছবি

শহিদুল আলম

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২১:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও এয়ারসাইড এলাকায় চলাচলকারী সরকারি-বেসরকারি সব যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের যানবাহনে এ প্রযুক্তি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেবিচক কর্মকর্তারা জানান, বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রোন এলাকায় উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলাচলকারী যানবাহনের অবস্থান শনাক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে এয়ারসাইড এলাকায় যানবাহনের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ সময় উড়োজাহাজ রাডারে শনাক্ত করা গেলেও যানবাহনের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে সীমাবদ্ধতা থাকে। এ কারণে গাড়িতে ভিটিএস স্থাপন জরুরি হয়ে পড়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (এটিএম) ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের প্রধান এয়ার কমডোর মো. নূর-ই-আলম সমকালকে বলেন, এ বিষয়ে বেবিচক সদর দপ্তরে বৈঠক করে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে তাদের এয়ারসাইডে চলাচলকারী গাড়িতে ভিটিএস স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। বেবিচকের নিজস্ব যেসব গাড়ি এয়ারসাইডে চলাচল করে, সেগুলোতেও এ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, ইতিমধ্যে বেবিচকের ৮০টি গাড়িতে ভিটিএস স্থাপন করা হয়েছে। ইউএস-বাংলাসহ কয়েকটি বেসরকারি এয়ারলাইনসও তাদের কিছু গাড়িতে এ প্রযুক্তি স্থাপন করেছে। বাকি গাড়িগুলোতে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভিটিএস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এয়ারসাইড এলাকায় চলাচলকারী এয়ারলাইনস, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান, কার্গো অপারেটর, ক্যাটারিং সেবা সংস্থা এবং বিমানবন্দরের বিভিন্ন বিভাগের যানবাহনে বাধ্যতামূলকভাবে ভিটিএস স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় দফায় চিঠি দিয়ে সতর্ক করেছে বেবিচক।

ভিটিএস চালু হলে এয়ারসাইডে চলাচলকারী অনুমোদিত সব যানবাহনের অবস্থান, গতি ও চলাচলের পথ কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পর্যবেক্ষণ করা যাবে। কোনো যানবাহন নির্ধারিত পথ থেকে সরে গেলে বা অননুমোদিত এলাকায় প্রবেশ করলে তাৎক্ষণিক সতর্কবার্তা পাওয়া সম্ভব হবে। বর্তমানে এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর না থাকায় যানবাহনের চলাচল যথাযথভাবে পর্যবেক্ষণে সীমাবদ্ধতা রয়েছে।
এভিয়েশন-সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞ জানান, রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রোনের মতো সংবেদনশীল এলাকায় চলাচলকারী প্রতিটি যানবাহনকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনা জরুরি। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা মান অনুযায়ী আধুনিক বিমানবন্দরে এ ধরনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ। গ্রাউন্ড সাপোর্ট যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। তাই তাৎক্ষণিকভাবে যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ করা না গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

সূত্র জানায়, সিএনএস-এটিএম ব্যবস্থার আওতায় এয়ারসাইড ও এপ্রোন এলাকার যানবাহনকে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এর মাধ্যমে যানবাহনের অবস্থান ও গতিবিধি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষে দেখা যাবে। নির্ধারিত পথ থেকে বিচ্যুতি কিংবা অননুমোদিত এলাকায় প্রবেশের ঘটনা ঘটলে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আংশিকভাবে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরুর কথা রয়েছে। এ পরিস্থিতিতে এয়ারসাইডে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ভিটিএস স্থাপনের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন বেবিচক-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

×