কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২১:০০
কুয়েতের আল-সালমি মরুভূমিতে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। গত ১৯ নভেম্বরের এ ঘটনায় আহত হয়েছে একটি উট। ১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন থেকে দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।
গত রোববার কুয়েতের সংবাদমাধ্যম জিডিএন অনলাইনের প্রতিবেদনে অনুযায়ী, ১৯ নভেম্বর আল-সালমি মরুভূমির একটি এলাকায় বিস্ফোরণের খবর পায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর নিরাপত্তা বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।
তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ২৮ বছরের একজন বাংলাদেশি। তিনি সেখানে রাখাল হিসেবে কাজ করতেন। মরুভূমিতে চলাচলের সময় একটি স্থলমাইনের সংস্পর্শে এলে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। বিস্ফোরণের আঘাতে কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।
এ ঘটনার পর মাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কিনা, তা পরীক্ষা করতে কুয়েতের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহতের খবর তারা পেয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।