মার্কিন অবরোধ মোকাবিলায় এবার সব উপায় ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সিনহুয়া
এএফপি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:০০
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা এসব পদক্ষেপ সহ্য করব না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।’
তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন। ফলে প্রণালিটি এখনো দুই দেশের মধ্যকার উত্তেজনা ও আলোচনার কেন্দ্রে অবস্থান করছে।
সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, আমেরিকানরা এটিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ বলছে। কিন্তু এটি নিঃসন্দেহে সামরিক আগ্রাসন। এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য যেকোনো উপায় ব্যবহারের অধিকার ইরানের আছে।
ইরান প্রণালির যে অংশ দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে, সেখানে গত কয়েক সপ্তাহে একাধিক জাহাজে আগুন ধরে। জাহাজগুলো নিষিদ্ধ ঘোষিত ওই পথ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল।
এমন পরিস্থিতিতে সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। বিশেষ করে গত জুন মাসে স্থায়ী সমাধানের পথ তৈরি করা একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়েছে।
ইরান বলেছে, ওয়াশিংটন তাদের দাবির তালিকায় থাকা বিষয়গুলো মেনে নিলে দুইদিনের মধ্যে প্রণালি খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে অবরোধ প্রত্যাহারও আছে।
ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
- বিষয় :
- ইরান
- হুঁশিয়ারি
- অবরোধ
- যুক্তরাষ্ট্র