ফের আলোচনায় বসছে নেতানিয়াহু-আইজেনকোটের দল
গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
টাইমস অব ইসরায়েল ও এএফপি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৬:৩৫
ইসরায়েলে সরকার গঠনের জন্য সোমবার নতুন করে আলোচনায় বসছে ইয়াশার ও লিকুদ পার্টি। গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহুর দলের মধ্যে স্থানীয় সময় সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা।
রোববার দল দুটির মধ্যে প্রায় ৪ ঘণ্টা ধরে বৈঠক হয়। কিন্তু কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। বৈঠক শেষে জানানো হয়, আলোচনায় কিছু মূল বিষয় নিয়ে কথা হয়েছে। একই সঙ্গে নতুন করে বৈঠকে বসার ঘোষণা দেওয়া হয়েছিল।
ইয়াশার ও লিকুদ পার্টি মূলত ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের চেষ্টা নিয়ে আলোচনা করছে। তবে নেতানিয়াহু শিবিরের সঙ্গে ঐক্যের সরকার গঠন করা হবে কি না তা নিয়ে ‘চেঞ্জ ব্লকে’ মতভেদ আছে।
নেতানিয়াহুবিরোধী এই ব্লকের শরিক দল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান আলোচনাকে ‘প্রহসন’ বলে সমালোচনা করেছেন। সোমবার এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেন, লিকুদের সঙ্গে প্রহসনের আলোচনা বন্ধ করে সরকার গঠনের সময় এসেছে। এর জন্য শুধু সাহস দরকার।
সরকার গঠনের সম্ভাবনাময়ী নেতা হিসেবে চলতি মাসের শুরুতে দায়িত্ব পান ইয়াশারের নেতা গাদি আইজেনকোট। তাঁর হাতে আগামী মাস পর্যন্ত সময় আছে। গত শনিবার ইয়াশার পার্টি জানায়, যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের অঙ্গীকার নিয়ে তারা লিকুদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
একইদিন ঐক্যের সরকারে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনায় বসার জন্য লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানায় ইয়াশার। তবে ওই সময় চেঞ্জ ব্লকের আরেক শরিক টুগেদার পার্টির নেতা নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহু বা লিকুদ পার্টির নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে তাঁর দল জোটে যাবে না।
আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, তিনি লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে আগ্রহী। তবে ওই সরকারে নেতানিয়াহু নেতৃত্ব দিতে পারবেন না।
বিপরীতে লিকুদ পার্টি একটি যৌথ ঘোষণার আহ্বান জানিয়েছে। এতে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বে সমর্থনকারী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের অঙ্গীকার থাকবে। আরব দলগুলো সেখানে যোগ দিতে পারবে না।
- বিষয় :
- ইসরায়েল
- সরকার
- গাদি আইজেনকট
- বেনিয়ামিন নেতানিয়াহু