ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবিতে আঁকা গ্রাফিতি মুছে দিলেন শিক্ষার্থীরা

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবিতে আঁকা গ্রাফিতি মুছে দিলেন শিক্ষার্থীরা
×
×

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৩৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৪২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আঁকা গ্রাফিতিসহ বিভিন্ন স্লোগান মুছে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে এসব গ্রাফিতি মুছতে দেখা যায় তাঁদের।

এ সময় আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইরফান সাজিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

গ্রাফিতি মোছার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছিলেন। গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কোনো কিছু আমরা রাখতে চাই না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দিচ্ছি।’

নিজেদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমরা সবাই গোপালগঞ্জের সন্তান।’

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুন

×